সাম্যের প্রত্যয়ে ১১ নভেম্বর বাংলাদেশে বসছে আইসিটি অলিম্পিক

২৬ অক্টোবর, ২০২১ ১৩:১০  
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আগামী ১১ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে বিশ্বপ্রযুক্তির অলিম্পিক- উইটসা সম্মেলন। উইটসার রজত জয়ন্তীতে ৪ দিনের এই ভার্চুয়াল ও ফিজিক্যাল উৎসবে অংশগ্রহণ করছে বিশ্বের ৭৫টি দেশ। প্রদর্শনীর পাশাপাশি থাকছে ৩০টি সেমিনার, মিনিস্টারিয়াল কনফারেন্স ও বি টু বি সেশন। ‘আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার’ প্রত্যয় বাস্তবায়নে এই সম্মেলনের উদ্বোধন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সেমিনারে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন আধুনিক ইন্টারনেটের অন্যতম জনক ভিন্টন গ্রেসার্ফ ও রবার্ট কান। প্রথমবারের মতো একই প্লাটফর্মে সংযুক্ত থাকবেন ইন্টারনেট জননী ড. রাদিয়া পারম্যান ও ওয়ার্ল্ড ওয়েবের উদ্ভাবক স্যার টিমোথি বারনার্স। ২৬ অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সম্মেলনের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা বাংলাদেশ এশিয়াটিক প্রতিনিধি আহসান আহমেদ চৌধুরী। এর আগে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ উ মুনীর। অনলাইনে সংযুক্ত হয়ে সংবাদ সম্মেলনে উইটসা মহাসচিব  মি: জেমস এইচ পয়সান্ট আশা প্রকাশ করেছেন, প্রযুক্তি উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের মিলন মেলায় পরিণত হবে এবারের সম্মেলন। সংবাদ সম্মেলন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেছেন, নানা উদ্যোগ বাস্তবায়ন ও আয়োজনের মাধ্যমে আমরা প্রযুক্তিকে জনগেণের দোরগোড়ায় নিয়ে যাচ্ছি। মানব সমাজে বিদ্যমান বৈষম্য দূরিকরণের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চাই প্রযুক্তির শক্তি। বিশ্বায়নের এই সময়ে যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ যত বেশি আইসিটি শক্তিত বলীয়ান হবে সেই দেশ অর্থনীতি ও সংস্কৃতিতে ততটাই সমৃদ্ধ হবে বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পলক আরো বলেন, প্রযুক্তির বৈষম্যতা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন ডিজিটাল সেন্টার তৈরি করেছেন। আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে গ্রামে ইন্টারনেট নিয়ে যাওয়ার প্রকল্প হাতে নেয়া হয়েছে। সরকারের নানা উদ্যোগের জন্য বাংলাদেশ এখন বিশ্বে বিনিয়োগের আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে উল্লেখ করে পলক বলেন, আশা করা যায় অল্পদিনেই দেশের হার্ডওয়্যার সরবরাহকারীরা উৎপাদন কাজ শুরু করবে।